বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদেরকে শোকজ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

আধিপত্য বিস্তারের জন্য এলাকায় সন্ত্রাসী ভাড়া করে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ি পুড়িয়ে দেওয়াসহ পাঁচ অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গিয়াস কাদের চৌধুরীকে শোকজ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে মঙ্গলবার তার কাছে শোকজের চিঠি পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তিনদিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার।

শোকজের চিঠিতে গিয়াস কাদের চৌধুরীর বিরূদ্ধে সুনির্দ্দিষ্টভাবে পাঁচটি অভিযোগ উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে, এলাকায় দলমত নির্বিশেষে ধনী ব্যবসায়ীর তালিকা তৈরি করে কোটি কোটি টাকা চাঁদা আদায়, ওমানে বসবাসরত ব্যবসায়ী ইয়াসিন এর কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি এবং দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসী দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া, ব্যবসায়ী মো. ফোরকানের কাছে ১ কোটি টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী দ্বারা শারীরিক নির্যাতন, বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের কাছ থেকে ঢালাও চাঁদাবাজি, রাউজানে স্বঘোষিত কমিটি দেওয়া ও সন্ত্রাসী ভাড়া করে এনে এলাকায় অস্থিরতা ও আতংক তৈরি করা। 

চিঠিতে তার বিরূদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দশানোর একটি লিখিত জবাব তিনদিনের মধ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, গিয়াস কাদের চৌধুরী ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইতিপূর্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন গিয়াস কাদের।

অভিযোগগুলো বিষয়ে বক্তব্য জানার জন্য গিয়াস কাদের চৌধুরীর মোবাইলে একাধিক বার ফোন করেও বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত