শাহরুখের কাছে ক্ষমা চাইলেন প্রশান্ত নীল

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

একদিন আগে-পড়ে গত বছরের ক্রিসমাসে মুক্তি পেয়েছিল শাহরুখের ডাঙ্কি এবং ‘সালার’। প্রভাস অভিনীত সেই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। ছবিটি প্রভাসের টালমাটাল ক্যারিয়ারে পায়ের তলার মাটি শক্তি করেছিল। এদিকে ছবি মুক্তির এতদিন পর 'সালার' নির্মাতা শাহরুখের কাছে ক্ষমা চাইছেন। কিন্তু কেন? 

প্রশান্ত নীলের কথায়, ‘একই দিনে একাধিক ছবি মুক্তি পাওয়া মোটেও ভালো বিষয় নয়। তবে সেসময় আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। ওই একটাই দিন ছিল। আর তাই আমরা ডাঙ্কির টিমের কাছে ক্ষমাপ্রার্থী। ডাঙ্কি আগে থেকেই ছবি মুক্তির দিন ঘোষণা করে রেখেছিল। কারণ, তারা একবছর আগে থেকে ছবি মুক্তির দিনটা জানিয়ে রেখেছিল। কেউ যে দিনটা আগে থেকেই ঠিক করে রেখেছে, সেই দিনেই আরেকটি ছবি মুক্তির জন্য ঠিক করা অন্যায়। তাই সালারের পুরো টিম, ডাঙ্কি টিমের কাছে ক্ষমাপ্রার্থী।’

তিনি বলেন, ‘শাহরুখ স্যার, রাজকুমার হিরানি স্যার অনেক বড়। আমরা এই পরিস্থিতি চাইনি। তবে ওই দিনটা ঠিক করেছিলাম, শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের কারণে। জ্যোতিষী জানিয়েছিলেন, ওই দিনটিই আমাদের ছবির মুক্তির জন্য শুভ। তাই এই সিদ্ধান্তটা নিতেই হয়েছিল।’

প্রসঙ্গত, বক্স অফিসে 'ডাঙ্কি' এবং 'সালার' দুটি ছবিই দারুণ ব্যবসা করেছিল। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল কিং খানের 'ডাঙ্কি' অন্যদিকে মুক্তির প্রথম সপ্তাহে ২০০ কোটির গণ্ডি টপকে ছিল প্রভাসের ‘সালার’। সব মিলিয়ে দুটি ছবিই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়।

সালার-এ মূল চরিত্রে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রিয়া রেড্ডি, ইশ্বরী রাও  সহ অন্যান্যরা। অন্যদিকে 'ডাঙ্কি'তে কিং খান ছাড়াও ছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার সহ অন্যান্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত