গাজীপুরের কালিয়াকৈরে বাজার অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে লাঞ্ছিত করে ব্যবসায়ী সিন্ডিকেট। এ ঘটনায় বুধবার সকালে ছয়জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ সফিপুর কাঁচাবাজার মনিটরিংয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিস কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।
অভিযান চালিয়ে আরিফুল মিয়া ও রাজু মিয়া নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট তাদের অভিযানে বাধা দেয়। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। তাদের তোপের মুখে লাঞ্ছিত হন দিল আফরোজ। এ সময় তারা কর্মকর্তাদের আধঘণ্টা অবরোধ করে রাখে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবরুদ্ধদের উদ্ধার করেন। এ ঘটনায় বুধবার সকালে ভূমি অফিস বেঞ্চ সহকারী (নাজির) আতিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। ওই মামলায় আরিফ, রাজু আহমেদ, সজীব হোসেন, আনোয়ার হোসেন, হানিফ আলী, সোহেল মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।
মামলার বাদী আতিকুল ইসলাম বলেন, সফিপুর বাজার অভিযানকালে ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় একটি মামলা করেছি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্ৰেপ্তার করা হবে।
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ