মগবাজারে মহিষের শিংয়ের আঘাতে নারীর মৃত্যু, আহত ৩

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম

রাজধানীর মগবাজার এলাকায় মহিষের শিংয়ের আঘাতে সাথী আক্তার (৩০) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তার স্বামী মো. রনি (৩০)। তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সাথীকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাথী তার স্বামী সাইদুল ইসলামের সাথে আমবাগানের ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

আহত নাদিরার ভাই মো. নাহিদ জানান, সন্ধ্যার দিকে একটি মহিষ ছুটে এসে তাদের আমবাগানের বাড়িতে ঢুকে পড়ে। কয়েকজনকে শিং দিয়ে আঘাত করে আবার দৌড়ে চলে যায়। এতে তারা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, গুরুতর আহত সাথীকে মগবাজার কমিউনিটি হাসপাতালে আর বাকিদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে শামছুর নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।

স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বলেন, জানতে পেরেছি মগবাজার পাগলা মাজার এলাকা থেকে মহিষটি ছুটে এসেছে। এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে আমবাগানের ওই বাড়িতে ঢুকে পড়ে। শিং দিয়ে আঘাত করে আহত করে কয়েকজনকে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআইমো. মনিরুজ্জামান বলেন, মহিষের আঘাতে কয়েকজন আহত হয়েছে এবং একজন মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত