রমজানে নিত্যপণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত শিথিল 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি সহজ করতে ব্যাংকগুলোকে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পণ্য আমদানির ক্ষেত্রে আগে ১০০ শতাংশ মার্জিন বা জামানত মূল্য রাখার নির্দেশনা থাকলেও এখন সেই মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে। বুধবার (৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্য পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুরের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

অভ্যন্তরীণ বাজারে উল্লিখিত পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে রমজানের প্রয়োজনীয় পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়। আসছে রমজান মাসে অত্যাবশ্যকীয় পণ্যের ঘাটতি যেন না হয়- সেজন্য সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। এজন্য চিনি, ছোলা ও সয়াবিন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে ৯০ হাজার টন ইউরিয়া সার ও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত