সুন্নতের অনুসরণ দুনিয়া ও আখেরাতে সফলতার উপায়। দৈনন্দিন জীবনে পালনীয় অসংখ্য সুন্নত রয়েছে। রাসুল (সা.)-এর কিছু সুন্নত এমন আছে যেগুলো আমল করতে সময় ও মেহনতের প্রয়োজন হয়। তবে এমন কতক সুন্নত রয়েছে, যেগুলো আমল করতে কোনো মেহনত, কষ্ট বা সময় কোনো কিছুই ব্যয় করতে হয় না। শুধু একটু খেয়াল করলেই আমল করা হয়ে যায়। যেমন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বাম পা দিয়ে বাহির হওয়া। আর বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বাহির হওয়া।
আচ্ছা বলুন তো, এটুকু আমল করতে কি কোনো কষ্ট, সময় বা অর্থ ব্যয় হয়েছে? শুধু একটু খেয়ালেই আমল হয়ে যায়। আর একটু সতর্ক হলেই আমরা সুন্নত আমলের রহমত ও বরকত থেকে বঞ্চিত হই না। এখন কেউ যদি প্রশ্ন করে, ডান পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া কি গুনাহ? জবাবে বলা হবে, গুনাহ নয়। তবে কি বাম পা দিয়ে বের হওয়া ফরজ বা ওয়াজিব? না, ফরজ-ওয়াজিব কোনোটিই নয়।
তবে এর ওপর আমল না করার কারণে বড় একটা রহমত থেকে বঞ্চিত হতে হয়। কারণ সুন্নতের অনুসরণের ফলে যে রহমত নাজিল হয় এবং আল্লাহর যে মহব্বত লাভ হয়, সহজতর এ আমলটি না করার ফলে ওই নেয়ামত থেকে আমরা বঞ্চিত হই। এমনিভাবে ডান হাতে খাবার গ্রহণ করা। বিসমিল্লাহ বলে খাবার শুরু করা, খাবার শেষে শোকর আদায় করা সুন্নত। সহজতর এই আমলগুলো করা ফরজ কিংবা ওয়াজিব নয়। তবে না করার ফলে মানুষ নিজেকে বিশাল নেয়ামত থেকে বঞ্চিত করে, যে নেয়ামতগুলো বিনামূল্যে লাভ হচ্ছিল।
