যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। তবে ভারতের সাতটি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে ওই তালিকায়। গতকাল বুধবার ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং : এশিয়া ২০২৫’ শীর্ষক এ র্যাংকিং প্রকাশ পায়। এই র্যাংকিং প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
তালিকায় ৯৮৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো চীনের পিকিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হংকং ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। শীর্ষ ১০০-এর মধ্যে না থাকলেও তালিকায় স্থান পেয়েছে দেশের ২৯ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আছেÑ ঢাকা বিশ্ববিদ্যালয় (১১২), নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৫৫), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট (১৫৮), ব্র্যাক ইউনিভার্সিটি (২৫৩), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৮০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২৯২), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩২০), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৪২) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৫৭)। এবারের তালিকায় দেশের হয়ে প্রথম অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম, যা গতবার ছিল ১৪০তম। সে হিসেবে এবারের র্যাংকিংয়ে ৩৮তম ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে এবার বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
