অসুস্থ বাবা, তারপর ভাই-বোনকে রেখে অনেক কাঠখড় পুড়িয়ে ভাগ্যের চাকা ঘোরাতে ষ্টুডেন্ট ভিসাতে সুদুর অস্টেুলিয়াতে এসেছে রবিন। পরিবারের সবার খরচ তার ওপরেই। তার উপরে রয়েছে প্রেমিকা মিতুর জিম্মেদারী। প্রেমিকার পরিবারের কাছ থেকে আশ্বাস নিয়ে তবেই পরদেশে পাড়ি জমায় সে।
বিদেশে গিয়ে দিনরাত পরিশ্রম করতে থাকে রবিন। থাকে বেজমেন্টের এক রুমে, খায় সবচেয়ে কম টাকায় পাওয়া খাবারগুলো। সকালে নাস্তা না খেয়ে একবারে দুপুরে খায়। তবুও পরিবারের মানুষগুলোকে তা বুঝতে দেয় না। সবার দায়িত্ব নিয়ে বিদেশে আসা রবিন গাধার মতো পরিশ্রম করতে থাকে। শরীরের উপরে অনিয়ম করতে গিয়ে একটা সময় অসুস্থ হয়ে পড়ে রবিন। কিন্তু সে এসবে পাত্তা না দিয়ে তার কাজ চালিয়ে যেতে থাকে। মাত্রাতিরিক্ত পরিশ্রম আর অনিয়মের ফলে একদিন হার্ট এ্যাটাক করে বসে। এমনই এক প্রবাসীর জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘দূরদেশ’।
মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে রবিন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং মিতু চরিত্রে তটিনী।
নির্মাতা জানান, প্রবাসীদের জীবনের গল্প নিয়ে এই নাটক। যারা দেশের বাইরে গিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরিবারের জন্য খাটে তাদেরকেই দিনশেষে পরিবার ভুল বুঝে। তাদেরকে শুধু টাকার মেশিন ভাবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে নাটকটি উন্মুক্ত হবে। এতে আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, মাজনুন মিজান প্রমুখ।
সালমানের পর এবার শাহরুখকে প্রাণনাশের হুমকি