শাহরুখকে হত্যার হুমকি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ এএম

সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে একটি উড়ো ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। জানা গেছে, ফয়জান নামে এক ব্যক্তি এই ভুয়া ফোনের নেপথ্যে রয়েছেন। ভারতীয় দ-বিধির ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এরই মধ্যে ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ। পুলিশের সূত্র বলছে, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা) দাবি করেন। এই ব্যক্তি কোনো গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। কেননা, গত বুধবারই রাজস্থানে বিষ্ণোই দলের এক সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। যার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। সেই ঘটনার সঙ্গে শাহরুখকে হুমকির কোনো যোগাযোগ আছে কি না, তা নিয়েও তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

এই প্রথম নয়, এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সুপারহিট হওয়ার পর উড়ো ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন শাহরুখ। সেই সময় থেকেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান বলিউড বাদশা। এমনকি শাহরুখের মান্নাতের সামনেও বাড়ানো হয় নিরাপত্তারক্ষী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত