যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত বৃহস্পতিবার সোচির এক সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এ সময় নির্বাচনী প্রচারণায় এক বন্দুকধারীর হাতে হত্যাপ্রচেষ্টার শিকার হওয়ার সময় তার সাহসিকতার প্রশংসা করেন পুতিন। নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
ট্রাম্পের প্রশংসা করে পুতিন বলেন, জুলাইয়ে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় বক্তৃতার সময় হত্যাচেষ্টার শিকার হন ট্রাম্প। এ সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন তিনি। রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্টে ভালদাই আলোচনা ক্লাবে পুতিন বলেন, তিনি সঠিক উপায়ে সাহসিকতার সঙ্গে সেই পরিস্থিতি সামলেছেন। নির্বাচনে জয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে এই সুযোগটি আমি গ্রহণ করছি। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে যে প্রস্তাব দিয়েছেন তা মনোযোগের দাবি রাখে বলেও মন্তব্য করেন পুতিন।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এই স্থলযুদ্ধের অবসান তিনি কীভাবে ঘটাতে চান সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পুতিন বলেন, ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা নিয়ে যা বলা হয়েছিল আমার মতে এটি মনোযোগের দাবি রাখে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ করার কথা জানিয়েছেন ট্রাম্প। ফলে দুই বছর ধরে চলমান এই যুদ্ধ থামাতে তিনি কী পদক্ষেপ নেন সে বিষয়ে নজর রাখছে রাশিয়া-ইউক্রেন উভয় দেশই। ট্রাম্পের সঙ্গে সংলাপের প্রসঙ্গে পুতিন জানান, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি পুনরায় সংলাপ শুরু করতে প্রস্তুত। সংঘাত বন্ধে কার্যকরী প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া ভাষণে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসায় উদ্বিগ্ন ডেমোক্র্যাট কর্মী-সমর্থকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি। বাইডেন বলেন, পিছিয়ে পড়াটা অনিবার্য হতে পারে। তবে হাল ছেড়ে দেওয়া অমার্জনীয়। আপনাদের স্বপ্নের যুক্তরাষ্ট্রই আপনাদের ডাকছে আবার উঠে দাঁড়ানোর জন্য। এ সময় সমর্থকদের প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতির সততা নিয়ে প্রশ্ন তোলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিদায়ী প্রেসিডেন্ট। ট্রাম্পের জয়ে বাইডেন তাকে সৌজন্য দেখিয়ে যে বক্তব্য রেখেছেন ২০২০ সালে বাইডেন বিজয়ী হওয়ার পর ট্রাম্প তেমনটি করেননি। এমনকি নতুন প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানোর ঐতিহ্যও ভেঙেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
