আমার ব্যাগে বই থাকে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৭ এএম

তানিয়া বৃষ্টি সময়ের আলোচিত অভিনেত্রী। ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকছেন। শোনা গিয়েছিল চলচ্চিত্রেও দেখা যাবে। সম্প্রতি বোল্ড লুকে দেখা গেল অভিনেত্রীকে। কাজ ও কাজের বাইরের বিষয় নিয়ে তানিয়া বৃষ্টির মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন

যে কাজ শেষ হলো

সম্প্রতি করলাম ইশতিয়াক আহমেদের নাটক ফিরে এসো অনিন্দিতা। নাটকের গল্পটা ভালোলাগার। গল্পও লিখেছেন ইশতিয়াক ভাই, তিনি আর ১০ জন নির্মাতার মতো নন। হয়তো তেমন প্রশংসা করেন না আমাদের। কিন্তু উনি যে কাজটা মনোযোগ দিয়ে করেন, ইন্ট্রোভার্ট মানুষ এটাই ভালো লাগে। ইন্ট্রোভার্ট মানুষ। আর শামী হাসান সরকার, সে আমার ভালো বন্ধু। অনেকগুলো নাটক আমরা একসঙ্গে করেছি। আমাদের বোঝাপড়া ভালো। তার পরিবারের সঙ্গে আমার ভালো সম্পর্ক।

আমার বোল্ডনেস

হ্যাঁ, সম্প্রতি আমি একটু অন্য ধরনের আউটফিট পরেছিলাম। সচরাচর আমি এমন পোশাক পরি না। কিন্তু এটা পরেছিলাম একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য। আমার ডিজাইনারের সঙ্গে পরামর্শ করলাম। তিনি হলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে আমাকে এমন আউটফিট পরার পরামর্শ দিলেন। আমিও মনে করলাম, এটা পরা যায়। এটা আমার লুক পরিবর্তনের জন্য করা। জানি না, আমাকে বোল্ড লেগেছে কি না, অনেকেই মন্তব্য করেছে অবশ্য, এটা জানি।

অনুকরণ নয় অনুসরণে

আমি জয়া আহসানের ভীষণ ফ্যান। পর্দায় তিনি এলেই আমি স্তব্ধ হয়ে বসে থাকি। তার অভিনয় দেখি। মনে হচ্ছে তিনি অভিনয় করছেন না। একদম স্বাভাবিক কাজ কর্ম করছেন। জয়া আপু আমাদের চলচ্চিত্রের এই সময়ের অ্যাসেট। এমন কিছু মানুষ আপনার আশপাশে পাবেন, হয়তো রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু মনে হবে খুবই আপন। আমার কেন জানি এই মানুষটাকে অত্যন্ত আপন মনে হয়।

হয়তো চলচ্চিত্রে

জানি আমাদের চলচ্চিত্রের সোনালি সময়টা নেই। একটা সময় শাবনূর আপুরা অভিনয় করছেন, তখন প্রচুর সিনেমা হল ছিল। এখন সিনেমা হল কমে গেছে, আশা করছি সিনেপ্লেক্স বাড়বে। সোনালি সময় না থাকলেও এই আধুনিক সময়েও ভালো ভালো কাজ হচ্ছে, চমৎকার সিনেমা হচ্ছে। আমারও ইচ্ছে রয়েছে চলচ্চিত্রের পর্দায় কাজ করার। এখন পর্যন্ত তেমন কোনো প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে ও গল্প ভালো হলে হয়তো আমাকেও দেখা যাবে বড় পর্দায়।

আমার অবসরে

ইদানীং শুটিং বেড়েছে। কাল রাত সাড়ে ৩টা পর্যন্ত শুটিং করলাম। এখন ফের শুটিংয়ে যাচ্ছি। ফলে অবসর যতটুকু পাই, হয়তো সেটুকু ঘুমাই। আর আমার পোষা বিড়াল রয়েছে তিনটা, তাদের দেখাশোনা করি। আর ইদানীং বইপড়া আমার খুবই কম হয়। কিন্তু যতটুকু সময় পাই আমার সময় কাটে বই পড়ে। এজন্য আমি যেখানেই যাই, আমার ব্যাগে বই থাকে। শুটিং সেটেও আমার ব্যাগে বই থাকে। সময় পেলেই পড়ি। আমার পছন্দের লেখক ওয়াল্টার হুপার, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত