অসময়ে প্রস্থান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম

অল্প সময়ের মধ্যে হিন্দি টেলি পর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনেতা নীতিন চৌহান। ‘ক্রাইম পেট্রোলস’, ‘এমটিভি স্পিøটসভিলা ৫’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, রিয়ালিটি শো ‘দাদাগিরি টু’ বিজেতা এই অভিনেতা মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘মৃত্যুর কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন। নীতিন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বাই গিয়েছিলেন, শেষ তাকে দেখা গিয়েছিল ২০২২ সালের ধারাবাহিক ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে।

সংবাদমাধ্যমের কাছে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ। ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে ছুটে এসেছেন তার বাবা। নীতিনের শেষকৃত্য দিল্লিতেই হবে বলে জানা যাচ্ছে।

নীতিনের ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ জানান, শুক্রবার সকালে তাকে ফোন করে নীতিনের পরিবার এবং মৃত্যুর খবর দেয়। আগামী মাসে রাজস্থানের খটু শ্যামের মন্দিরে যাওয়ার কথা ছিল নীতিন ও কুলদীপের। বন্ধুদের সুবিধা-অসুবিধার কথা সব সময় মাথায় রাখতেন অভিনেতা।

দূরে কোথাও বেড়াতে গেলে নীতিনই গাড়ি চালাতেন। বন্ধুদের যাতে যাতায়াতে অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখতেন বলে জানান কুলদীপ। তাই নীতিনের কঠিন সময়ে পাশে না থাকতে পারায় অনুতপ্ত তার বন্ধু। নীতিন রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রায়ই মুম্বাই থেকে দিল্লি যাতায়াত করতেন।

কুলদীপের কথায়, ‘আমাদের জীবনে নীতিন একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের যাতে অসুবিধা না হয় বেড়াতে গিয়ে, সে দিকে খেয়াল রাখত ও। এমন চরম পদক্ষেপ করার আগে যদি এক বার আমাকে ফোন করত, আমি ওকে এটা করতে দিতাম না। আমরা পরস্পরের সঙ্গে সব কথা ভাগ করে নিতাম। ওর কোনো আর্থিক অসুবিধাও ছিল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত