জুলাইয়ের গণঅভ্যুত্থান

ঢাকায় হত্যা মামলা আসামি মাধবপুরের বিএনপি নেতা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় হতাহতের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা একটি মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে হবিগঞ্জের মাধবপুরের বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূঁইয়াকে। মাধবপুর থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক তিনি। মামলায় আসামি করা হলেও তাকে চেনেন না বাদী। এ ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ মাধবপুর উপজেলা বিএনপি নেতারা।

ষড়যন্ত্রমূলকভাবে ঢাকার মামলায় আসামি করা হয়েছে অভিযোগ করে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূঁইয়া। মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূঁইয়া বলেন, ‘গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে আমরা মাধবপুর উপজেলা বিএনপি একাত্মতা ঘোষণা করে আন্দোলন করেছি। এর অনেক স্থিরচিত্রসহ ভিডিও রয়েছে। অথচ এক ব্যক্তি ষড়যন্ত্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য হাতিরঝিল থানার মামলায় আমাকে জড়িয়েছে। এ ষড়যন্ত্রের রহস্য উদঘাটন করে ওই ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

এ বিএনপি নেতা আরও বলেন, ‘এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে গত ১৬ বছরে জাকারিয়া চৌধুরী নামে জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে আসামি করে। মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করার কারণে ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা জাকারিয়ার বাড়ি ঘেরাও করে। এরপর থেকে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। ধারণা করছি, জাকারিয়াই হয়রানি করার জন্য মামলায় আমার নাম ঢুকিয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা এখলাছুজ্জামান বলেন, ‘আমরা বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের বলেছেন এ বিষয়টি খতিয়ে দেখবেন।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, ‘এখলাছুজ্জামান বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। আমরা তার জন্য প্রয়োজনে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেব।’

এখলাছুজ্জামানকে আসামি করার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মোজারুল তাকে চেনেন না বলে জানান।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ‘মামলাটি কোর্টে দায়ের করা হয়েছে। কোর্ট এফআইআরের নির্দেশ (অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা) দিলে আমরা এফআইআর করি। বিষয়টি তদন্তাধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত