নির্বাচনে ভরাডুবির জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি

  • নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে দোষারোপ করেন তিনি
  • তাড়াহুড়া করে কমলাকে প্রার্থী মনোনীত করায় বাইডেনের সমালোচনা করেন পেলোসি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। 

তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।‘

স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেন তিনি।

পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আরও আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত। প্রার্থী বাছাইয়ের জন্য প্রতিযোগিতার (প্রাইমারি) সুযোগ থাকত।‘

সাক্ষাৎকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তাড়াহুড়া করে কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে মনোনীত করায় বাইডেনের সমালোচনা করেন।

তবে কমলার প্রশংসা করে পেলোসি বলেন, তিনি (কমলা) মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলাই জিততেন বলে মনে করেন পেলোসি। তিনি বলেন, হয়তো কমলা আরো বেশি শক্তিশালী হতেন। জনগণের কাছে যেতে পারতেন।

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরো আগে ঘটত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।

এদিকে শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। বাইডেন আবার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি। তবে নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে। সাক্ষাৎকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেওয়ায় বাইডেনের সমালোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত