বরিশালের মুলাদী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লাগার ফলে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন— চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হক ভূঁইয়ার ছেলে মো. স্বপন ভূঁইয়া (৩৫) এবং রশিদ ব্যাপারীর ছেলে মো. কাওসার হোসেন (২৫)। তারা উভয়েই পেশায় অটোরিকশাচালক। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আলম ব্যাপারীর ছেলে মো. নাইম (২৫) এবং কায়েতমারা গ্রামের পথচারী মো. লোকমান চৌকিদার (৬২)।
চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃদ্ধ লোকমান চৌকিদারের পা ভেঙে গেছে এবং নাইম মুখে আঘাত পেয়েছেন।
নিহত স্বপনের ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অটোরিকশা রেখে মোটরসাইকেল নিয়ে স্বপন বের হয়। তার সঙ্গে ছিল কাওসার ও নাইম। নোমরহাট বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।’
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ঢাকা পাঠানো হয়, যেখানে রাত ১১টার দিকে কাওসার মারা যান। নাইম ও লোকমান চৌকিদারকে শনিবার ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়।
তিন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন প্রভাস, কবে আসছে ‘সালার ২’?
নিষেধাজ্ঞা নেই, তবু সেন্ট মার্টিন যেতে পারছে না বাসিন্দাদের আত্মীয়রাও