সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান অভিনীত স্পাই থ্রিলার ‘সিটাডেল : হানি বানি’।
সিরিজটিতে কাজের অভিজ্ঞতার বিষয়ে সামান্থা রুথ হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে জানান, সিটাডেল টিম অসাধ্য সাধন করেছে। তবে এই সিরিজের শুটিংয়ের যাত্রা সামান্থার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল। ২০২২ সালে এ হাই-অন-অ্যাকশন সিরিজে শুটিংয়ের সময় তিনি বিরল মায়োসাইটিস আক্রান্ত হন। এর ফলে সামান্থা নির্মাতাদের অন্য কোনো অভিনেত্রী নেওয়ার কথা জানিয়েছিলেন।
এমন কঠিন পরিস্থিতিতেও সামান্থার পাশে ছিলেন ‘সিটাডেল : হানি বানি’র টিম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে সাহায্য ও ছেড়ে না দেওয়ার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার প্রতি আস্থা রাখার জন্য এই মানুষদের প্রতি বেশি কৃতজ্ঞ। যদি তারা পাশে না থাকত, তবে আমার আবার সুস্থ হয়ে উঠতে অনেক বেশি সময় লাগত। এমনকি আমার ফিরে আসার মতো কিছুই থাকত না। এটাই যথেষ্ট অনুপ্রেরণা ছিল।’
নিজেকে একগুয়ে ব্যক্তি অভিহিত করে সামান্থা বলেন, ‘যখন আমি বিশ্বাস করি সবকিছু শেষ হয়ে গেছে, তখন আমাকে বোঝানো অসম্ভব। তিনি বলেন, ‘বেড়ে ওঠার সময়, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। আমি ভুল করেছি এবং সেখান থেকে শিখেছি। আমার খুব বেশি পরামর্শদাতা ছিল না, যাকে আমি বিশ্বাস করতে পারি। সবসময়ই আমিই ছিলাম। এই অবস্থায় আমি নিশ্চিত ছিলাম, আমার বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কোনোভাবেই ক্যামেরার সামনে দাঁড়াতে পারছি না। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম।’
‘তারা আমাকে বিশ্বাস করত, যা আসলে আমার ৩৭ বছরের জীবনে আগে কখনো হয়নি’ বলেন সামান্থা। সিরিজটিতে অভিনয় করতে গিয়ে কত ঘণ্টা ট্রেনিং হয়েছে জানতে চাইলে সামান্থা বলেন, ‘সেটে সবকিছু বদলে যায়। আমার জীবনে ধরাবাঁধা কোনো নিয়ম নেই।’ রাজ অ্যান্ড ডিকের অ্যাকশনধর্মী সিনেমায় অভিজ্ঞতার বিষয়ে এ দক্ষিণী অভিনেত্রী বলেন, ‘দৈনন্দিন রুটিনে মার্শাল আর্ট রেখেছি। এটি আমার রুটিনে রেখেছি, কারণ আমাকে প্রস্তুত থাকতে হবে। তারা কখন ফোন করবে তা জানি না। তারা যে ধরনের পদক্ষেপ শুরু করতে যাচ্ছে তার জন্য প্রস্তুত হতে আমার কাছে কখনোই পর্যাপ্ত সময় নেই।’
‘সিটাডেল : হানি বানি’-তে সামান্থাকে হানির চরিত্রে দেখা যায়। সিরিজটি ১৯৯০-এর দশকের পটভূমিতে নির্মিত। যেখানে সামান্থাকে একজন সাবেক সংগ্রামী অভিনেত্রী, যাকে বরুণের চরিত্র বানি গুপ্তচর হওয়ার জন্য নিয়োগ করে। গল্পটি একটি রোমাঞ্চকর মোড় নেয় যখন, কয়েক বছর পরে, দুজন নাদিয়াকে তাদের অতীতের বিপজ্জনক শত্রুর হাত থেকে রক্ষার জন্য ফের মিলিত হয়।
