আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার গুলিস্তানে উত্তেজনা চরমে পৌঁছেছে। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার সন্ধ্যা থেকেই গুলিস্তানের জিরো পয়েন্ট এবং দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা।

আজ রবিবার সকাল থেকে কিছু শিক্ষার্থী জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন। এ সময় তাদের ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিনে জিরো পয়েন্ট চত্বরে দেখা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; সহ নানারকম স্লোগান দিতে থাকেন।

এদিকে, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। ইতোমধ্যে গতকাল রাত ও রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে কয়েকজনকে মারধর করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

পল্টন থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৭ জন ও রবিবার সকালে ১০ জনকে আটক করে থানায় আনা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, ‘আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।’

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে আজ বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত