ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করল ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে তারা জিতেছে ৮ উইকেটে। বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব মাহমুদ। এরপর ব্যাট হাতে বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিয়েছেন ফিল সল্ট। মিডল অর্ডারে বিস্ফোরক ফিফটি করা জ্যাকব বেথেলও কম যাননি।
ব্রিজটাউনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। মজার ব্যাপার হলো, স্বাগতিকদের ইনিংসে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৩৮ রান করেছেন নিকোলাস পুরান। এছাড়া রোমারিও শেপার্ড ৩৫, আন্দ্রে রাসেল ১৭ বলে ৩০, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১০ বলে ১৮ রান করেন। বল হাতে ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন সাকিব। এছাড়া ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন আদিল রশিদ।
রান তাড়ায় নেমে উন্মাতাল ব্যাটিং শুরু করেন ফিল সল্ট। উদ্বোধনী জুটিতে আসে ৭৩ রান, যাতে সল্টের অবদানই ৫৪। ধুন্ধুমার ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি পূরণ করে ছুটতে থাকেন সল্ট। আরেক ওপেনার উইল জ্যাকস আউট হন ১৭ রানে। অধিনায়ক জস বাটলার মারেন ‘গোল্ডেন ডাক’। কিন্তু চার নম্বরে নামা জ্যাকব বেথেলকে সঙ্গী করে আরেকটি বিধ্বংসী জুটি গড়েন সল্ট।
৫৩ বলে ৯ চার এবং ৬ ছক্কায় সল্ট তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। বেথেলও ফিফটি পূরণ করেন ৩৩ বলে। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৬১ বলে ১০৭ রান। ৮ উইকেট এবং ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। সল্ট ৫৪ বলে ১০৩ এবং বেথেল ৩৬ বলে ৫ চার ২ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় মধ্যরাত ২টায়।
রদ্রিগো আর মিলিতাওয়ের জায়গায় কারা এলেন ব্রাজিল দলে?
০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!
আরেকটি শিরোপা জেতা হলো না মেসির