আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে মূহুর্মূহ স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।
বিএনপির মহানগর দক্ষিণ, ছাত্রদল ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা মিছিল ও ছোট ছোট সমাবেশ করে ফাঁসির দাবি তুলছেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে আওয়ামী লীগের বিচার দাবি করেন।
এসময় তাদের ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘গুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।
গতকাল শনিবার রাত থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করেন বিএনপির নেতাকর্মীরা। রোববার সকাল থেকেই কার্যালয়ের সামনের সড়ক দখলে রেখেছে বিএনপি। দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড ও বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন সেখানে।
সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে স্লোগান দেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জড়ো হয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার দাবি করেন।
এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। কেউ জয় বাংলা স্লোগান দিলেই মারধর করে পুলিশে সোপর্দ করা হচ্ছে তাকে। সকালে আন্দোলনে আসা কয়েকজনকে এসময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে।
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। সকাল থেকেই তারা এখানে টহলরত রয়েছেন।
