আসিফ নজরুল বললেন

শেখ হাসিনাকে ধরতে রেড নোটিস জারি হচ্ছে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৬ এএম

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে থাকা পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারি হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তী সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘যে খুনিগোষ্ঠী জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ ও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।’

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুলসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত প্রশ্নে আইন ও বিচার উপদেষ্টা বলেন, ‘বিশ^ জনমতকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টাসহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে।’

আওয়ামী লীগের এ অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণœ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। এটা কোনো মামলা নয়, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। এটা এতই অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠতাহীন একটা বিষয় যে, কোনোভাবেই এ রিট হওয়ার কোনো কারণ নেই।’ আইন উপদেষ্টা আরও বলেন, ‘এটা ফ্যাসিস্ট চক্র বিশ^ জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে করেছে।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কারকাজ এখন শেষ পর্যায়ে। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কারকাজ চলমান থাকায় আপাতত ভবনসংলগ্ন (অস্থায়ী) ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে। গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আগে ব্যক্তিপর্যায়ে বিচারগুলো করতে চাইছি। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে যখনই সরকার সিদ্ধান্ত নেবে, তখনই বিচারের উদ্যোগ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত