পুতিনকে ফোন করলেন ট্রাম্প

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোমাক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে জয় অর্জনের পর গত বৃহস্পতিবার ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ট্রাম্প ফ্লোরিডায় তার মার–এ–লাগো রিসোর্টে ছিলেন।

গতকাল রবিবার (১০ নভেম্বর) মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আলাপকালে ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে আমরা কিছুই প্রকাশ করবো না।’

এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় তাদের সঙ্গে কথোপকথনে যুক্ত হন রিপাবলিকানদের কড়া সমর্থক ও ধনকুবের ইলন মাস্ক।

৫ নভেম্বরের নির্বাচনে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত