পরমব্রতের পরিচালনায় অনির্বাণ, কী থাকছে চমক?

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

দুজনেই একাধারে অভিনেতা, পাশাপাশি নির্মাতাও। তবে এবারই প্রথম একজন আরেকজনকে পরিচালনা করতে চলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরবর্তী ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। সিরিজের নাম ‘ভোগ’।

এক জন একাকী মানুষের জীবনকে কেন্দ্রে রেখেই এগোবে কাহিনি। একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে তার। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ।

দুই অভিনেতার জুটি যে নতুন চমক হাজির করবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। নির্মাতারা সিরিজের ঘোষণার জন্য পরমব্রত ও অনির্বাণের যে ছবি প্রকাশ করেছেন, সেখানে দু’জনেরই পরনে কালো স্যুট। পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা ‘ভোগ’ এবং অনির্বাণের মাথায় হ্যাট।

অভীক সরকারের লেখা কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। পরমব্রতের সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী। এই মুহূর্তে সিরিজের বাকি কাস্টিং নিয়ে আলোচনা চলছে। চরিত্রাভিনেতা চূড়ান্ত হওয়ার পর বছরের শেষে শুরু হবে শুটিং। 

এর আগে ‘ভোগ’ বই এবং ‘অডিও বুক’ হিসেবে জনপ্রিয় হয়েছে। বড় পর্দাতেও এই কাহিনিকে দেখা গিয়েছিল রাজর্ষি দে পরিচালিত ‘পূর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’-এ। এবার ওয়েব সিরিজে কীভাবে গল্পকে নির্মাতারা তুলে ধরেন, সে দিকে নজর থাকবে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’। নীরেন ভাদুড়িকে কেন্দ্র করে তৈরি এই সিরিজটি দর্শকের মন জয় করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত