শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই চোটের কারণে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। এই চোট সারতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। আর সেই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
শান্তর চোট নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘রবিবার শারজাহতে শান্তর একটা এমআরআই করানো হয়। আমরা দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখব। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।’
৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ইনিংসের ২৩তম ওভারে নাসুম আহমেদের করা টসড আপ ডেলিভারিতে কাভার দিয়ে ড্রাইভ করেছিলেন রহমত শাহ। সেখানে ফিল্ডিং করা শান্ত সেই বল ঠেকিয়ে দেন। তবে বল ফেরাতে গিয়ে বাম পায়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক। এরপর ফিজিও এগিয়ে এসে তাকে সেবা শুশ্রূষা করলেও খুব একটা ভালো অনুভব না করায় মাঠ ছাড়তে বাধ্য হন শান্ত। সেই সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাকি সময়টায় বাংলাদেশ দলের নেতৃত্বভার সামলেছেন সহ-অধিনায়ক মিরাজ।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর জ্যামাইকায়।
শততম ওয়ানডেতে নেতৃত্বে মিরাজ, টস জিতে নিলেন ব্যাটিং
ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ‘ভাবনা’ পাকিস্তানের!