স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহার সোনালীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন। আবেদনটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনের ওপর শুনানি করেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন, তার মেয়ে তাহসিন বাহার সূচনা এবং অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান তথা ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট, মার্কেটসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। নিম্নবর্ণিত ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত