ফারজানা ওয়াহিদ সায়ান বাংলা গানে এক অনন্য নাম। বাংলা গানের অন্যতম এ সিঙ্গার-সংরাইটার হিসেবে নিজের লেখা-সুরের গানে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। সাম্প্রতিক সময়ে তার বেশকিছু গান মানুষের মুখে মুখে ফিরেছে। জুলাই-আগস্ট আন্দোলনে সায়ানের গান যেন গান নয়, ‘সময়’ হয়ে কথা বলেছে। এবার সায়ান আসছেন সামনে, সরাসরি শোনাবেন গান। ‘গানে গানে সায়ান’ শিরোনামে আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একক কনসার্ট। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দুই ঘণ্টাব্যাপী নিজের সব গান পরিবেশন করবেন সায়ান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
অনেক বছর পর সায়ান লাইভ কনসার্টে ফিরছেন একক কনসার্ট দিয়ে। কনসার্ট নিয়ে সায়ান বলেন, ‘আজব কারখানার আয়োজনে অনেক অনেকদিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেসব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা-আকাক্সক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সবসময়ই আমার শক্তি।’ গানে গানে সায়ানের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে।
