অনলাইনে হয়রানির শিকার হলে করণীয় কী?

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:২১ পিএম

তথ্যপ্রযুক্তির ‍এই যুগে অন্যান্য অপরাধের সঙ্গে বাড়ছে সাইবার বা অনলাইন অপরাধ। মানুষ এখন যোগাযোগের মাধ্যম হিসেবে বিভিন্ন স্যোশাল মাধ্যম ব্যবহার করছেন। এসব স্যোশাল মাধ্যমে বার্তা আদান প্রদানের পাশাপাশি ব্যক্তিগত ছবিসহ নানা তথ্য আমরা শেয়ার করি। বিশেষ করে তরুণ-তরুণীরা এখন মেসেঞ্জার, হোয়াটমঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের কথোপকথন করে থাকেন।

যেখানে কথার পাশাপাশি অনেকে ছবি ও ভিডিও শেয়ার করেন। বিশ্বাস করে পাঠানো এই ছবি ও ভিডিও এক সময় কাল হয়ে দাঁড়ায় কারও জন্য। কারণ সম্পর্কের অবনতি হলেই অনেকে ফেক আইডি খুলে অনলাইনে হয়রানি বা ব্লাকমেইলিং করার চেষ্টা করে।
সময় যত গড়াচ্ছে ততই দেশে বাড়ছে এরকম অপরাধ। এই অপরাধ নিজের সঙ্গে ঘটলে করণীয় কী তা আজ জানা যাক।


কি ধরনের হয়রানির শিকার হতে পারেন

ফেসবুক বা ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া, ফেক আইডি খুলে আপত্তিকর ছবি/ভিডিও শেয়ার, উগ্রধর্মীয়-সন্ত্রাসবাদী কনটেন্ট শেয়ার, অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বিকৃত তথ্য ও ছবি ব্যবহার, হুমকি দিয়ে টাকা আদায়, অনলাইনে প্রশ্নফাঁস ইত্যাদি।

কোথায় অভিযোগ করবেন

প্রথমত  প্রাথমিকভাবে অভিযোগ করতে পারেন আপনার নিকটস্থ থানায়। অথবা ই-মেইলে অভিযোগ জানাতে পারেন [email protected] এই ঠিকানায়, যদি পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চান তাহলে Google Play Store থেকে ডাউনলোড করুন ডিএমপির কাউন্টার টেরোরিজম ডিভিশন এর Hello CT অ্যাপ। এ অ্যাপ ব্যবহার করে পাঠাতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য, সরাসরি কথা বলার প্রয়োজনবোধ করলে যেতে পারেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ডিভিশনের Cyber Crime Unit অফিসে। কথা বলতে পারেন দায়িত্বরত কর্মকর্তার সাথে এই নাম্বারে-০১৭৬৯৬৯১৫২২ । ঠিকানা- ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা।

কীভাবে অভিযোগ করবেন

ভিক্টিমাইজড হলে যত দ্রুত সম্ভব অভিযোগ জানানো উচিত। অভিযোগ করার ক্ষেত্রে আপনার অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণাদি প্রয়োজন। যেমন এক্ষেত্রে সংশ্লিষ্ট আলামতের স্ক্রিনশট, লিংক, অডিও/ভিডিও ফাইল অথবা রিলেটেড ডকুমেন্টস। স্ক্রিনশট সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন Address Bar এর URL টি দৃশ্যমান হয়। Hello CT অ্যাপ ও ই-মেইল এর মাধ্যমে অভিযোগ জানাতে চাইলে এসব কন্টেন্ট এটাচ করে আপলোড করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে সরাসরি সফট কপি দেয়া যেতে পারে। সর্বোপরি আপনি প্রয়োজনে Cyber Crime Unit এর অফিসারদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারেন যা আপনার আইনগত ব্যবস্থা গ্রহণের সহায়ক হতে পারে।

প্রতিরোধ আপনার হাতেই

একটু সচেতন হলেই আপনি এড়াতে পারেন এমন বিব্রতকর ঘটনা। জেনে নিন নিরাপদ থাকার কিছু কৌশল। অচেনা, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট Accept করবেন না, ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত(Public) রাখবেন না, আপনার ফেসবুক প্রোফাইলের প্রাইভেসি সেটিংস চেক করুন। অন্য কারো পোস্টে আপনাকে Tag করার অপশন উম্মুক্ত রাখবেন না, প্ররোচিত হয়ে উসকানিমূলক ছবি/ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন, সন্দেহজনক কোন লিংকে ক্লিক করবেন না, লগ-ইন আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন এবং প্রতিবার ব্যবহার শেষে লগ-আউট করুন, সন্দেহজনক কোন ই-মেইল বা মেসেজ এর উত্তর প্রদান হতে বিরত থাকুন, আপনার কোন পরিচিতজনের বিপদের কথা জানিয়ে ইমেইল অথবা মেসেজ আসলে আগে যাচাই করুন এবং যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন, বিপুল পরিমাণ অর্থ লটারীতে জিতেছেন-এমন তথ্যসহকারে পাঠানো ইমেইল বা মেসেজ এর উত্তর প্রদান হতে বিরত থাকুন। এসকল তথ্যসম্বলিত মেইল অনুসন্ধানে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত