মারা গেছেন সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া

  • মঙ্গলবার ভোরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি 
  • তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসি ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা 
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ মঙ্গলবার ভোর ৪ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, মৃত্যুকালে স ম জাকারিয়া স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে এবং ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুম স.ম. জাকারিয়ার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত