দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিরাজগঞ্জ- কাজিপুর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে একটি মেশিনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির।

নিহতরা হলেন একই ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজ ছাত্র আব্দুল হাকিম (২০) ও হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৪২)।   

ওসি হুমায়ুন কবির জানান, পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার ওপরে আগে থেকেই একটি মিক্সার মেশিন (রাস্তার কাজে ব্যবহৃত) দাঁড়ানো ছিল। ওই দুইজন একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত