নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাম্মদ আলী নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে তার জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাম্মদ আলী নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। তিনি এই মামলার ২ নাম্বার আসামি। আশা করি তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসামিরা বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী গত ৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
উ. কোরিয়ায় সশস্ত্র হামলা হলে সহায়তা করবে রাশিয়া!
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ৩ দিনের রিমান্ডে