ফের কমল সোনার দাম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, সোনার পাশাপাশি রুপার দামও ভরিতে ৪৪ টাকা কমবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়াবে ২ হাজার ৫৭৮ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, দাম কমায় হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতনপদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯১ হাজার ৪১১ টাকা।

আজ মঙ্গলবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতনপদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ২ হাজার ৫১৯ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪০৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৫ টাকা এবং সনাতনপদ্ধতির সোনায় ১ হাজার ৭৪৯ টাকা দাম কমবে।

এর আগে গত ৫ ও ৮ নভেম্বর আরও দুই দফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা এবং ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হলো ৭ হাজার ৩৩৭ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত