নতুন বয়ান চাই না, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আর নতুন বয়ান চাই না। একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘টেইক ব্যাক বাংলাদেশ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

আমীর খসরু বলেন, বিএনপির পক্ষ থেকে সংস্কারের ব্যাপারে কোনো আপত্তিও নেই। একমাত্র সেই কয়টি সংস্কার, যার মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার এখন সেই সংস্কারগুলোই করতে পারে। বাকি সংস্কারের জন্য দেশের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে।

তিনি বলেন, দলগুলো তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ সিদ্ধান্ত দেবে, আগামী সংসদে সেগুলো পাস করবে, কোনো সমস্যা নেই। কিন্তু জনগণকে বাইরে রেখে কোন কথা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। 

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া জনগণ আর কোনো কথা শুনতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কোন পথে যাবে। তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সাহেব সংহতিকে ভালোভাবে ধরেছেন। তিনি কোনো দলকে চিন্তা করছেন না, পুরো দেশকে নিয়ে চিন্তা করছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,‘স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব উনার একটা বয়ান তৈরি করেছিল বাংলাদেশ কীভাবে চলবে। আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারে আরেকটা বয়ান ছিল যে উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। উন্নয়ন আর গণতন্ত্র যে হাত ধরে চলে সেটা সে বিশ্বাস করে নাই। ফ্যাসিস্টরা সবসময় ক্ষমতা আঁকড়ে থাকতে উন্নয়নের কথা ব্যবহার করে।’

তিনি বলেন,যখন একটি রাষ্ট্রে এটি প্রমাণিত হবে যে, কোনোভাবেই নাগরিকের ভোট ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সম্ভব নয় তখন বোঝা যাবে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত