ময়মনসিংহে তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস নয়জন অভিযুক্তের মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল দেওয়া হয়। মামলার আসামিদের মাঝে করিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস ও বাকিদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
মামলার বিবরনে জানা যায়, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক শেষে বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। সরকারি কৌসুলি আকরাম হোসেন ও অভিযুক্তদের মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।
বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে: সংস্কৃতি উপদেষ্টা