কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের স্কোয়াডে না থেকেও যেন তার উপস্থিতি অনুভূত হচ্ছে। ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে প্যারিসে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশ্ন উঠলে কোচ দিদিয়ে দেশম শুরুতে মজা করলেও পরে অনুরোধ করেন, ‘কিলিয়ানকে ছেড়ে দিন’।
এমবাপ্পে সাম্প্রতিক সময়ে ফ্রান্সের অধিনায়ক হিসেবে খেলেননি উরুর হালকা চোটের কারণে, কিন্তু এই রাউন্ডেও তাকে স্কোয়াডে রাখেননি কোচ। ধারণা করা হচ্ছে, তার খারাপ ফর্মের কারণে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
কোচ দেশম জানান, এমবাপ্পেকে দলে না রাখার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়নি। তবে এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত চলছে বলে যেসব খবর ছড়ানো হয়েছে, সেগুলোর সঙ্গে তার দলে না থাকার সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন তিনি। এমবাপ্পের প্রতিনিধিরাও অভিযোগকে ‘মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন’ বলে প্রতিবাদ করেছেন।
দেশমকে প্রশ্ন করা হলো, দলের বাইরে রাখার ব্যাপারটি নিয়ে অধিনায়কের সঙ্গে তার কথা হয়েছে কি না। কোচ শুরুতে মজা করে বললেন, এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন তিনি আরও আগেই আশা করেছিলেন। পরে আকুতির সুরে বললেন, ‘শুনুন, আপনাকে যেটা বলছি তো বলছিই… আপনাদের কথা বলার স্বাধীনতা আছে, যা ইচ্ছা ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমার সামনে কালকে ম্যাচ। এখানে ২৩ জন ফুটবলার আছে, কিলিয়ান এখানে নেই- দয়া করে ওকে ছেড়ে দিন।’
সাম্প্রতিক সময়ে ঠিক চেনা চেহারায় নেই এমবাপ্পে। ৪৮ গোল করে ফ্রান্সের ইতিহাসের তৃতীয় সেরা গোল স্কোরার দেশের জার্সিতে জালের দেখা পাননি গত জুনের পর থেকে। পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর এখনও সেখানে খুব একটা মানিয়ে নিতে পারেননি তিনি।
নেশন্স লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে খেলার পর রবিবার ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম্যাচটি এমন এক সময় হতে যাচ্ছে, যখন গাজায় ইসরায়েলি হামলার জের ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন চলছে। গত সপ্তাহে আমস্টারডামে স্থানীয়দের সঙ্গে ইসরায়েলি ফুটবল সমর্থকদের দাঙ্গা বেধে গিয়েছিল। প্যারিসেও নানা কিছুর শঙ্কা থেকে স্টেডিয়ামের আশেপাশে, গণপরিবহনে ও নানা জায়গায় ৪ হাজার নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
শেষ আটের দোরগোড়ায় ফ্রান্স-ইতালি, শঙ্কায় ইংল্যান্ড
মেসি-রোনালদোর সঙ্গে ত্রিভুজ প্রেমে জড়াতে চান এই নায়িকা