শহীদদের নামে ৩ স্টেডিয়ামের নতুন নামকরণ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে জানিয়েছিলেন, ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের নামে দেশের স্টেডিয়ামের নামকরণ করা হবে।

ক্রীড়া উপদেষ্টার সেই কথার প্রতিফলন দেখা গেল আজ বৃহস্পতিবার। দুটি স্টেডিয়াম ও একটি খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম এবং ঢাকার সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে।

নতুন নামকরণ করা তিন শহীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল গেল জুলাই মাসের আন্দোলনের সময়ে। আর আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। বুয়েটের এই ছাত্রকে ফেসবুক স্টাটাস দেওয়ার জেরে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত