নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রশ্ন রেখে বলেছেন, ‘সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী কী করে উপদেষ্টা পরিষদে এলেন? কার বুদ্ধিতে নিলেন? তাদের নাম কে বলল? তাদের নাম কী করে এলো? একমাত্র প্রধান উপদেষ্টা সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। কার পরামর্শে এই দুজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারে আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে এ প্রতিবাদ সভার আয়োজন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।’
মান্না বলেন, ‘ড. ইউনূস আছেন বলেই দেশের অর্থনীতির একটু গতি ফিরছে। বিদেশ থেকে কেউ টাকা দিত না। দিলেও সেটা ব্যাংকে দিত না। চুরি করে দিত, ফলে রিজার্ভে প্রভাব পড়ত না। ব্যাংক আগের চেয়ে ভালো হচ্ছে। তবে জিনিসের দাম কমেনি, জনগণের কষ্ট কমেনি, মানুষের দুর্দশা কমেনি।’
মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা দিন দিন বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। কত রকম আশা-আকাক্সক্ষা নিয়ে মানুষ ড. ইউনূসের নাম প্রস্তাব করে, বিদেশ থেকে ডেকে এনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না। ক্ষমতা নেওয়ার পর এই ১০০ দিনের মধ্যে আমাদের মধ্যে বা মানুষের মধ্যে তেমন আশা সঞ্চার করতে পারেননি তিনি।’
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, গণফোরামের সহসভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
