২০২১ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ়’। দক্ষিণী ছবির নায়ক আল্লু অর্জুন রাতারাতি সুপারস্টার খ্যাতি পেয়েছিলেন সারা ভারতে। ঠিক সেই সময়েই একটি ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। দেখা যায় হাতাকাটা গেঞ্জি আর পাজামা পরে এক যুবক কিছু কিনতে এসেছেন দোকানে। দাবি করা হয়, ওই যুবকই আল্লু। এই নিয়ে জল্পনা চলতেই থাকে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। যদিও মাঝখানে কেটে গিয়েছে তিনটি বছর। মুক্তির দোরগোড়ায় ‘পুষ্পা’ সিরিজ়ের দ্বিতীয় ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’।
২০১৭ সালে গোয়ার এক মদের দোকানের সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। তত দিনে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু। তার নামেই চলতে থাকে ভিডিওটি। কিন্তু সত্যিই কি ওই যুবক আল্লু অর্জুন? চলছিল বিতর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন স্বীকার করে নিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছিল, সেটি তিনিই। স্বীকার করেছেন, মদ কেনার জন্যই তিনি গোয়ার ওই দোকানে গিয়েছিলেন বহু বছর আগে।
‘পুষ্পা ২’ মুক্তির আগে আল্লু নন্দমুরি বালকৃষ্ণর চ্যাট শো-এ দাবি করেন, ২০১৭ সালে গোয়ায় এক বন্ধুর জন্য মদ কিনতে ওই দোকানে গেছেন তিনি। সেই বন্ধুও এ শো-এ আসবেন বলে জানিয়েছেন আল্লু। ফলে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন। হয়তো কোনও চমক অপেক্ষা করছে।
