সড়কে বসে জুমা আদায় করলেন সাদপন্থী লাখো মুসল্লি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

লাখো মুসল্লির জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করলেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীরা। আজ শুক্রবার ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টা ১০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়। নামাজে দোয়া পরিচালনা করেন মওলানা মোশারফ। নামাজের খুতবার আগে তিনিই বয়ান দেন।

কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সাদপন্থীরা কাকরাইল মসজিদ এলাকায় আসতে শুরু করে। দুপুর ১২টার আগে লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল, বিজয় নগর, হাইকোর্ট, মৎসভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটসহ এর আশেপাশের সব এলাকা। এজন্য নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাস ভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১টার পর মসজিদের মাইকে ইমাম মুসল্লিদের অবস্থান ছেড়ে গন্তবে চলে যাওয়ার ঘোষণা দিলে ফাঁকা হতে শুরু করে কাকরাইল মসজিদসহ আশপাশের এলাকা।

জানা যায়, ২০১৭ সালের নভেম্বর দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত