ইমরুলকে গার্ড অব অনার ক্রিকেটারদের, বিসিবির সম্মাননা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেকদিন থেকেই। শুধুই ঘরোয়া ক্রিকেটে দেখা যেত ইমরুল কায়েসকে। জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু অপেক্ষাটা আর দীর্ঘ করলেন না। বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোথাও আর লাল বলের ক্রিকেটে দেখা যাবে না জাতীয় দলের সাবেক এই ওপেনারকে।

আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন ইমরুল। বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচ শুরুর আগে ইমরুলকে গার্ড অব অনার দিয়েছে খুলনা ও ঢাকা বিভাগের ক্রিকেটাররা। একটু পরেই তাকে ক্রেস্ট উপহার দেয় বিসিবি। সে সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পালকেও দেখা গেছে এ সময়।

বিসিবির সম্মাননা। ছবি: মোশারফ ভুবন

বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি ইমরুল। শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। তিনটি বাউন্ডারি মেরে বিদায়টা রাঙানোর ইঙ্গিত দিয়েছিলেন ইমরুল। তবে মোহাম্মদ এনামুল হকের বলে আশিকুর রহমান শিবলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে ২৭ বলে করেছেন ১৬ রান।

ইমরুল সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছেন। ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর আর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি। টেস্টে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ইমরুল। আভিজাত্য এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। চারটি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত