ভারতে যৌথ অভিযানে গুলিতে ৫ মাওবাদী নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

ভারতের ছত্তীসগঢ়ের বস্তারে যৌথবাহিনীর গুলিতে পাঁচ মাওবাদী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই সেনা সদস্য। শনিবার সকালে কাঁকের এবং নারায়ণপুর জেলার সীমানায় এবং উত্তর অবুঝমাড়ে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মাওবাদী গতিবিধির বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়ে পুলিশের রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ সদস্যরা যৌথ অভিযান চালায়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বেশ কয়েক ঘণ্টা ধরে চলে। যৌথ অভিযানে অন্তত পাঁচ মাওবাদীর মৃত্যু হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু অস্ত্রও। মাওবাদীদের গুলিতে জখম হয়েছেন দুই বিএসএফ সদস্য। 

বস্তার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, জখম দুই সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং উভয়েরই শারীরিক অবস্থা স্থিতিশীল। মাওবাদীদের বিরুদ্ধে সম্প্রতি ছত্তীসগঢ়ে একাধিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। 

এর আগে ৪ অক্টোবর ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। চলতি বছরের এপ্রিলেও ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায় এক অভিযানে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। সরকারি তথ্য অনুসারে, চলতি বছরে বস্তার অঞ্চলে সাতটি জেলা মিলিয়ে মোট ১৯৭ জন মাওবাদী নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত