বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন করব: ফয়জুল করীম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ১৯৭১ সাল থেকে ২০২৪- এই ৫৩ বছরে যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। আমরা ২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মানুষ আহত করেছে, নিহত করেছে। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম। যেন মানুষ শান্তি পায়, মুক্তি পায়। কিন্তু ৫ আগস্টের পর আবার সেই খুন, আবার সেই চাঁদাবাজি, আবার দখলবাজি, আবারও নির্বিচারে হত্যা। আমাদের আন্দোলন আর সংগ্রাম এখনও শেষ হয়নি।

আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যাদের আপনি বর্তমান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করেন না। তারা ভিনদেশিদের চিন্তা লালন করেন! বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। তবে আমরা এটা করতে চাই না।

এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, এদেশে আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি। আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি। তবে কোনও পরিবর্তন দেখিনি।

তিনি আরও বলেন, আমরা চাই সংস্কারের সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে ব্যক্তি নয়, মার্কাকে ভোট দেবেন। এতে করে নমিনেশন বাণিজ্য থাকবে না, কেউ পেশীশক্তি ব্যবহার করতে পারবে না। কারো মধ্যে কাঁদা ছুড়াছুড়ি থাকবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাহাদুরপুরের পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসান, শিবচরের জামিয়া মোহাম্মাদীয়া সামসুল উলূম কওমি মাদরাসার মোহতামিম মাওলানা আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর শাখার সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম নাসীর মোল্লাসহ অন্যান্নরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত