সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, স্বাধীনতার পর এক লাখ মুক্তিযোদ্ধা ন্যায্যতা পাননি। তাদের ভেতরে ৯০ ভাগ মুক্তিযোদ্ধাই গ্রামের ছেলেরা। তাদের সেদিন গ্রামে ফিরতে হয়েছে খালি হাতে-খালি পায়ে। তাদের দেশ গড়ার কাজে লাগানো হয়নি। কিন্তু ২৪-এর বেলায় বীর সন্তানদের চিহ্নিত করে মর্যাদা দেওয়া হবে।
গতকাল শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বিভাগের সব শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই আগস্টে আহত-নিহতদের তালিকা করা হচ্ছে। একাত্তরের মুক্তিযোদ্ধাদের বাহক বর্তমান ২৪-এর মুক্তিযোদ্ধারা। একেবারে স্বচ্ছভাবে তালিকা করা হচ্ছে।
অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুব আলম স্নিগ্ধের সঞ্চালনায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমুখ।
