৩২ ছক্কা আর ৪৩৯ রানের ম্যাচ শেষে নাটকীয় জয় উইন্ডিজের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

টানা তিন ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ ম্যাচে রেকর্ড রান তাড়া করে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য ৬ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে স্বাগতিকরা। ব্যাট-বলে দাপুটে পারফরম্যান্সে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে দারুণ জয় তুলে নিয়েছে তারা।

শনিবার ড্যারেন সামি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২১৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে। ফিল সল্ট ও জ্যাকব ব্যাথেলের দুর্দান্ত হাফসেঞ্চুরি দলকে বড় পুঁজি এনে দেয়। সল্ট ৩৫ বলে ৫৫ রান করেন, আর বেথেল অপরাজিত থাকেন ৩২ বলে ৬২ রানে। এছাড়া জস বাটলার ২৩ বলে ৩৮, উইল জ্যাকস ১২ বলে ২৫, আর স্যাম কারেন ১৩ বলে ২৪ রান করেন।

বড় লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ ঝড়ো শুরু করেন। তারা ৯ ওভারে স্কোরবোর্ডে ১৩৬ রান যোগ করেন। তবে এরপর রেহান আহমেদের এক দুর্দান্ত ওভারে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারায়। লুইস ৩১ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৬৮ রান করে আউট হন। তার ঠিক পরের বলেই রানআউট হন ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করা শাই হোপ। একই ওভারের তৃতীয় বলে রেহান বোল্ড করেন নিকোলাস পুরানকে, যিনি রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাক মেরে ফেরেন।

পুরান অবশ্য ম্যাচটি স্মরণীয় করে রাখেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে। এটি ছিল তার ১০২তম ম্যাচ, যেখানে তিনি পেছনে ফেলেছেন কাইরন পোলার্ডকে।

১৩৬ রানে ৩ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড গড়ে দেন রোভম্যান পাওয়েল ও শেলফান রাদারফোর্ড। পাওয়েল ২৩ বলে ৩৮ রান করে আউট হলেও রাদারফোর্ড ১৭ বলে ২৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইংল্যান্ডের হয়ে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং করেন রেহান আহমেদ।

এই জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার বাংলাদেশ সময় রাত ২টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত