আইপিএলের অষ্টাদশ আসর মাঠে গড়াবে আগামী বছরের এপ্রিলে। তার আগে হচ্ছে মেগা নিলাম। আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম। যেখানে নাম উঠছে ১২ বাংলাদেশি ক্রিকেটারের। তার মধ্যে আছে লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। নিলাম থেকে এবার তাকে কোনো না ফ্র্যাঞ্চাইজি দলে নেবে, এই বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তবে এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন না রিশাদ।
আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন। শেষে দল দল পেলে কষ্ট পাবেন, তাই নিলাম নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না এই ক্রিকেটার।
রিশাদ বলেন, ‘সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার, কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয়। আমি অনেক আশা করি না, যাতে আমি আঘাত না পাই। সাধারণত আমি এভাবে চিন্তা করি না। আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না, আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি। কারণ সবকিছু আল্লাহর হাতে, যা হবে দেখা যাবে।’
তিনি বলেন, ‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে, তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। যেমন ধরুন, যদি আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আমি এভাবে চিন্তা করি না।’
প্রত্যেক ক্রিকেটারেরই পছন্দের একটি দল থাকে। যেমন মোস্তাফিজুর রহমান শুরু থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেললেও তার স্বপ্ন ছিল একদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। শেষ পর্যন্ত গত আসরে তিনি খেলেছেন। রিশাদেরও কোনো পছন্দের দল কি আছে?
জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি। কারণ সেখানে সাকিব ভাই (সাকিব আল হাসান) ও লিটন দা (লিটন দাস) খেলেছেন।’
নিলামে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করা হয়েছে রিশাদকে। এছাড়াও মুশফিকুর রহিম (২ কোটি), নাহিদ রানা (৭৫ লাখ), লিটন দাস (৭৫ লাখ), তাওহীদ হৃদয় (৭৫ লাখ), তাসকিন আহমেদ (১ কোটি), সাকিব আল হাসান (১ কোটি), মেহেদি হাসান মিরাজ (১ কোটি), শরিফুল ইসলাম (৭৫ লাখ), তানজিম সাকিব (৭৫ লাখ), শেখ মেহেদি হাসান (৭৫ লাখ) এবং হাসান মাহমুদ (৭৫ লাখ) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
মোট ৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশী, যার মধ্যে ৩ জন অ্যাসোসিয়েট নেশন থেকে আসছেন। নিলামে ৩১৮ জন ভারতীয় নতুন এবং ১২ জন বিদেশী নতুন খেলোয়াড় অংশ নেবেন। মোট ২০৪টি স্লট রয়েছে, যার মধ্যে ৭০টি বিদেশী খেলোয়াড়দের জন্য বরাদ্দ। সর্বোচ্চ রিজার্ভ প্রাইজ ২ কোটি রুপি এবং ৮১ জন খেলোয়াড় এই ক্যাটেগরিতে আছেন।
গত আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছিল। তিনি ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন এবং তার ইকোনমি রেট ছিল ৯.২৬।
গম্ভীর বদমেজাজী, কোচ হওয়ার উপযুক্ত নয়: টিম পেইন
হাথুরুর ‘চড়’ নিয়ে কিছু বলতে চান না নাসুম
রোহিতের জায়গায় থাকলে খেলতেন সৌরভ