চীন তাইওয়ানে সামরিক মহড়া ৩০০ শতাংশ বাড়িয়েছে: যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

চীনা সামরিক বাহিনী গত পাঁচ মাসে তাইওয়ানের চারপাশে তার সামরিক মহড়া ৩০০ শতাংশ বাড়িয়েছে বলে দাবি করেছে মার্কিন বিমান বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড। এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মার্কিন বিমান বাহিনীর জেনারেল কেভিন স্নাইডার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মে মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের শপথের পর থেকে চীনা বিমান বাহিনীর কার্যক্রম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত বছরের মে মাস থেকে নভেম্বর পর্যন্ত চীন তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ৩৩৫ বার লঙ্ঘন করেছে। এই বছর একই সময়সীমার মধ্যে, চীন একই আকাশসীমা কমপক্ষে ১ হাজার ৮৫ বার লঙ্ঘন করেছে, যা আগের বছরের তুলনায় তিনগুণ বেশি।

এছাড়া বিগত কয়েক মাস ধরে এই ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, গত বছর জুলাই মাসে ৫০টি চীনা বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চল লঙ্ঘন করেছে। যা এই বছর জুলাইতে ২১০ ছিল। 

তবে শেষ পর্যন্ত মার্কিন জেনারেল কেভিন স্নাইডার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এই অঞ্চলে সংঘাত প্রতিরোধে কাজ করছে। এছাড়া ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যাতে কমিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত