সাবেক ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক এক ইউপি সদস্যকে (মেম্বার) বেধড়ক মারধর করে হাত পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ওই ইউপি সদস্যের ছেলে ফয়সাল হক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চিলমারী থানায় অভিযোগ দায়ের করেছেন। 

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব। এর আগে একই দিন দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাবেক ইউপি সদস্যের নাম রেজাউল ইসলাম (৫৫)। তিনি রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত হওয়ায় চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় সাবেক ইউপি সদস্যের ছেলে ফয়সাল হক তিনজনকে আসামি করে চিলমারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- হেলেনা বেগম (৪২), মো. হিমেল মিয়া (২২), মো. রিয়াদ মিয়া (২০)। সকলেই একই এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে সাবেক ইউপি সদস্যের ছেলে জানান, উপজেলার রমনা ইউনিয়নাধীন পাত্রখাতা খন্দকার পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম আঞ্জু’র সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার দুপুর ১২টার দিকে রেজাউল ইসলাম তার জমি দেখে ফেরার পথে অভিযুক্তরা তাদের বসত বাড়ি সংলগ্ন কাচা রাস্তায় বাঁশের লাঠি, লোহার রড, পাইপ, ধারালো অস্ত্র নিয়ে পথরোধ করে মারধর করতে থাকে। এতে রেজাউল ইসলামের বাম হাতের দুই জায়গা, ডান পায়ের হাঁটুর নিচ এবং ডান হাতের আঙুল ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত