নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। গতকাল শনিবার ওড়িশা রাজ্যের নিকটবর্তী ড. এপিজে আবদুল কালাম দ্বীপে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই পরীক্ষা দেশটির সামরিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের কয়েকটি দেশের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। এর মধ্যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার সেই তালিকায় যোগ হলো ভারতের নাম।
খবরে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। রবিবার (১৭ নভেম্বর) সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরণের পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এই মিসাইল প্রস্তুত করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। বিবৃতিতে আরও বলা হয়, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি সবগুলো বাহিনী তথা ভারতীয় সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সবাই ব্যবহার করতে পারবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মধ্যে দিয়েই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। এটি ভারতকে এমন এক বিশেষ গোষ্ঠীতে স্থান দিয়েছে যারা এ ধরনের গুরুত্বপূর্ণ ও উন্নত প্রযুক্তি ধারণ করে।
নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন দুলু