আল্লাহতায়াল মানুষকে নানা জ্ঞান ও বৈশিষ্ট্যে মর্যাদার অধিকারী করেছেন। তবুও কিছু ভুল মানুষের মধ্যে আছে। মানুষের তিনটি বড় ভুল সম্পর্কে বিস্তারিত বিবরণী তুলে ধরা হলো।
আখেরাতের ওপর দুনিয়া প্রাধান্য দেওয়া : মানুষের প্রথম ভুল হলো, তারা আখেরাতের চিন্তা-ভাবনা ছেড়ে দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয় এবং দুনিয়ায় সুখ-শান্তির জন্য রাত-দিন একাকার করে পরিশ্রম করে যাচ্ছে। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার সুখ-শান্তি, আরাম-আয়েশের কোনো স্থায়িত্ব নেই। আর মহান আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরকালীন জীবনের পুঁজি তৈরির জন্য। যাতে পরকালের জন্য পুরোপুরিভাবে তৈরি হতে পারি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে বড় সংকটময়। আর কেয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব।’ (সুরা তাহা ১২৪)
বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া : বর্তমানে মানুষ অভ্যন্তরীণ সৌন্দর্যের চেয়ে বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেয়। মানুষের নানা ধরনের চেষ্টা প্রচেষ্টা সবই বাহ্যিক সৌন্দর্যের দিকে। অথচ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চালচলন ও বিত্ত-বৈভবের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তিনি দৃষ্টি দিয়ে থাকেন তোমাদের অন্তর ও আমলের প্রতি।’ (সহিহ মুসলিম ২৫৬৪)
প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া : অনেক মানুষ খেয়ালখুশি, কামনা-বাসনা ও ইচ্ছা-আকাক্সক্ষা অনুযায়ী প্রবৃত্তির অনুসরণ করে থাকে। যা তাদের ভেতরের ইতিবাচক উপাদানগুলোকে ধ্বংস করে দেয়। ফলে গুনাহের কাজে নিপতিত হওয়ার সম্ভাবনা সর্বদা তাদের পেছনে লেগেই থাকে। এতে তারা অমঙ্গল ও অকল্যাণ থেকে মুক্ত হতে পারে না। যে ব্যক্তি অন্তরের সঠিকতা কামনা করে, সে প্রতি পদক্ষেপে সাবধান হয়ে চলে, প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে অন্তরের রোগাক্রান্ত হওয়া থেকে সতর্ক হয় এবং নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় অন্বেষণ করে। তাই নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকা কাম্য। এতে অনেক গুনাহের কাজ থেকে বাঁচা সম্ভব।
