জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধারের ১ মাস পর সেই ফ্ল্যাটের তালা খোলা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) মনি কিশোরের পরিবার ও বাড়ির মালিকের উপস্থিতিতে ফ্ল্যাটের তালা খোলা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আবদুর রহমান।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাড়ির মালিক ও মনি কিশোরের পরিবার থেকে রুমটি খালি করার কথা বলা হচ্ছিল। সবার সঙ্গে কথা বলেই এটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আইনি কোনো বাধা নেই। আর কারো কোনো অভিযোগও নেই।’
দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা আরও বলেন, ‘এক মাসের মতো হয়ে গেল। এর মধ্যে বাসার মালিক বলছিলেন রুমটি খালি করার কথা। তারাও আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ছিলেন। যে কারণে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাদের উপস্থিতিতেই খালি করা হবে।’
এদিকে এখনও মনি কিশোরের মৃত্যু কারণ জানা যায়নি। সেই তদন্ত প্রতিবেদন এখনও হাতে পাননি পুলিশ। তবে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন খান আবদুর রহমান।
বাসার মালিক শামসুদ্দোহা তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু বেশ আগেই মনি কিশোরের লাশ দাফন হয়েছে, আর কারও কোনো অভিযোগ নাই। এখন রুমটি খালি করে দিলে আমাদের জন্য ভালো হয়। এটা আমরা জানিয়েছিলাম পুলিশ ও মনি কিশোরের ভাইকে। পরে সিদ্ধান্ত হয়েছে, রুমটি খালি করা হবে। মনি কিশোরের ভাই আসার কথা রয়েছে। এ ছাড়া পুলিশের লোকও থাকবেন। তাঁদের সামনেই সব বুঝিয়ে দেওয়া হবে।’
এর আগে গত অক্টোবরের ১৯ তারিখে রামপুরার একটি বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় গায়ক মনি কিশোরকে। পুলিশের কর্মকর্তারা প্রাথমিক ধারণা করেছিলেন, অসুস্থতার কারণে মনি কিশোর মারা যেতে পারেন। তিনি নিয়মিত চিকিৎসা করাচ্ছিলেন বলেও পুলিশ ধারণা করেছিল।
কারণ, মরদেহ উদ্ধারের পর ওই বাসা থেকে সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আসেনি।
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য— ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা ও লেখা। মৃত্যুর আগে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন এই গায়ক।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক: প্রণয় ভার্মা
ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর: নিপুণ