চোটে জর্জরিত ব্রাজিল তারকা নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেক ধরনের গুঞ্জনই শোনা যাচ্ছে। আগামী জুনে সৌদি ক্লাব আল হিলাল তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না, এমনই খবর। নেইমার নিজ দেশের কোনো ক্লাবে যোগদান করতে পারেনÑ আছে সেই গুঞ্জনও। এই গুঞ্জনে আলোচিত দুই ব্রাজিলের ক্লাব হলো সান্তোস আর পালমেইরাস। সান্তোস নেইমারের শৈশবের ক্লাব। ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নাকি সান্তোস কর্র্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন। কিন্তু পালমেইরাসের প্রেসিডেন্ট লেইলা পেরেইরা যা বললেন, সেটা শুনলে নেইমার অপমানিত বোধ করবেন। ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী চোটজর্জর নেইমারকে দলে নেবেন না বলে মন্তব্য করেছেন।
নেইমার প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর গেল ২২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে আল হিলালের জার্সিতে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে খেলেন। দ্বিতীয় ম্যাচেও বদলি হিসেবে খেলতে নেমে চোট পান। হঠাৎ ডান পায়ের পেশিতে অস্বস্তি বোধ করেন। প্রায় এক বছর পর ইনজুরি থেকে ফিরে মাত্র ৪২ মিনিট খেলেই ফের ইনজুরিতে পড়েন নেইমার।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে লেইলা পেরেইরা বলেন, ‘নেইমারকে আমি পালমেইরাসে চাই না। এই ক্লাব কোনো হাসপাতাল নয়। আমি এমন কাউকে দলে নেব, যে দ্রুত সময়ে এসে ক্লাবে যোগ দিতে পারবে; ম্যানেজার চাইলে আগামীকালই মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু আমি কোনো আনফিট খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করব না।’ ২০২১ সাল থেকে পালমেইরাসের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। নিজ দেশের তারকার সমালচনার পাশাপাশি প্রশংসাও করেছেন এই ক্রীড়া ব্যক্তিত্ব, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, হয়তো সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’
২০২৩-এর আগস্টে নেইমার আল হিলালে দুই বছরের চুক্তিতে যোগ দেন। নেইমার এখন পর্যন্ত আল হিলালের হয়ে খেলেছেন ৭ ম্যাচ, মিনিটের হিসেবে ৪২৮ মিনিট। গোল করেছেন মাত্র একটি, অ্যাসিস্ট আছে তিনটি।
