স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণ এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’ চট্টগ্রামে পঞ্চমবারের মতো দুই সপ্তাহব্যাপী চক্ষু প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ সিইআইটিসির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ড. রবিউল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিইআইটিসির সহযোগিতায় বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতাল প্রকল্প আবারও শুরু হওয়ায় আমরা গর্বিত। অরবিসের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব বাংলাদেশের চোখের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, অরবিস ফ্লাইং আই হসপিটালের ডিরেক্টর মরিস গ্যারি, সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন এবং বাংলাদেশে ফ্লাইং আই হসপিটাল প্রজেক্ট আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. মো. মুনিরুজ্জামান ওসমানী।
